বিজ্ঞাপন

ভাটারায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত

ভাটারায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত

রাজধানীর ভাটারা এলাকায় দ্রুতগামী এক অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় সেকান্দার আলী (৭২) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. রোকন উদ্দিন বলেন, তার বাবা সেকান্দার আলী একজন অবসরপ্রাপ্ত পুলিশসদস্য ছিলেন। তারা বর্তমানে ভাটারা এলাকাতেই বসবাস করতেন। তার দাদার নাম মৃত সুলতান মিয়া এবং তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণে।

তিনি বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাটারা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাতপরিচয় গাড়ি আমার বাবাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কিন্তু ততক্ষণে আর লাভ হয়নি, দায়িত্বরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/আরএফ/বিআরইউ