বাংলাদেশ রোয়িং ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা, লেখক, কূটনীতিক, মিডিয়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক শোয়েব চৌধুরী। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক সরকারি নির্দেশনার মাধ্যমে ফেডারেশনের বিদ্যমান অ্যাড-হক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে এবং শোয়েব চৌধুরীর নেতৃত্বে ২৪ সদস্যের একটি শক্তিশালী নতুন অ্যাড-হক কমিটির অনুমোদন দিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ববর্তী কমিটি ফেডারেশনের গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে এবং দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হয়। নতুন এই কমিটিতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, আইন প্রয়োগকারী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, প্রখ্যাত চিকিৎসক এবং সাবেক জাতীয় অ্যাথলেটদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই বহুমুখী ও বৈচিত্র্যময় অন্তর্ভুক্তি ফেডারেশনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি গতিশীল, ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী শাসন কাঠামো নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ক্রীড়া সংগঠক ও শিল্পপতি মোহাম্মদ সরফুদ্দীন আলী।
কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যারা- ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মনিরুজ্জামান, ন্যাশনাল মেডিকেল কলেজের কনসালট্যান্ট ড. এসএমএ আজিজ রাসেল এবং সাবেক জাতীয় অ্যাথলেট এবং ক্রীড়া সংগঠক শেখ জাহাঙ্গীর।
আর যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মো. রাসেল ও ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর কবির জন এবং কোষাধ্যক্ষ হয়েছেন ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আল আমিন চৌধুরী।
কমিটির অবশিষ্ট ১৫ জন সদস্য দেশের বিভিন্ন খাতের অত্যন্ত সুপরিচিত ও নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত।
নবনিযুক্ত সভাপতি শোয়েব চৌধুরী তার এই দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে বলেন, আমার মূল লক্ষ্য হবে ফেডারেশনের প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে আসন্ন সাধারণ নির্বাচন সফলভাবে সম্পন্ন করা।
এমএমএইচ/বিআরইউ
