বিজ্ঞাপন

কাকরাইল মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

কাকরাইল মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

রাজধানীর কাকরাইল মোড় এলাকায় দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোবববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিরাজুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব থানায়। তিনি মৃত আরশাদ আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মগবাজারের নয়াটোলা এলাকায় থাকতেন।

নিহতের ছেলে মো. স্বপন জানান, তার বাবা বয়সজনিত কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে বাবার মরদেহ শনাক্ত করি।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, পুলিশের টহল দল কাকরাইল এলাকায় ওই বৃদ্ধকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসএএ/বিআরইউ