বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের আনন্দ, আত্মবিশ্বাস ও ইতিবাচক মূল্যবোধ উদ্বুদ্ধ করতে রাজধানীর কালশী বস্তিতে ‘ফুটবল উৎসব-২০২৬’-এর আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’, যেখানে অংশ নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে শতাধিক শিশু-কিশোর।
শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত এ আয়োজনে কালশী বস্তির বিপুলসংখ্যক শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত স্ট্রিট গোল চ্যালেঞ্জে প্রতিটি সফল গোল যেন তাদের কাছে আনন্দ, আত্মবিশ্বাস ও সম্ভাবনার নতুন বার্তা হয়ে ধরা দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পরিচালক মো. আসাদুজ্জামান গনী বলেন, বিশ্বকাপ ফুটবলের সার্বজনীন আনন্দ ও উন্মাদনা সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু-কিশোররাও যেন এই বৈশ্বিক উৎসবের আনন্দে শামিল হতে পারে, সে চিন্তা থেকেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’-এর আয়োজন করেছে।

প্রতিযোগিতা শেষে চারটি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম ক্যাটাগরিতে পাঁচজনকে স্কুল ব্যাগ, দ্বিতীয় ক্যাটাগরিতে আটজনকে ছাতা, তৃতীয় ক্যাটাগরিতে আটজনকে পানির পট এবং চতুর্থ ক্যাটাগরিতে নয়জনকে পেনসিল বক্স দেওয়া হয়। এছাড়া নির্ধারিত লক্ষ্যে গোল করতে না পারলেও অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহিত করতে সান্ত্বনা পুরস্কার হিসেবে কলম দেওয়া হয়।
খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, দলগত চেতনা এবং ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে জাতীয় ও বৈশ্বিক উৎসবের আনন্দের সঙ্গে সম্পৃক্ত করাও ছিল এ আয়োজনের লক্ষ্য।
অনুষ্ঠানটি ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ, অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দর্শকদের উৎসাহে কালশী বস্তি এদিন পরিণত হয় এক প্রাণচঞ্চল ফুটবল উৎসবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (গণসংযোগ) মো. আশিক উজ্জামান বলেন, শিশু-কিশোরদের সুস্থ বিনোদন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। বিশ্বকাপ ফুটবলের আনন্দকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই আয়োজন তাদের স্বপ্ন দেখার সাহস জোগাবে এবং সমাজের মূলধারার সঙ্গে আরও সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (মিডিয়া সেল, সদরদপ্তর) ও অধিনায়ক (এজিবি) মো. আইয়ুব আলী, ডিএমএর জোন কমান্ডার, থানা কর্মকর্তা এবং প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতে, বিশ্বকাপকে ঘিরে এমন সামাজিক উদ্যোগ শিশুদের মধ্যে আশা, স্বপ্ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএএ/আরএফ/এসএম
