বিজ্ঞাপন

জাতীয় বৃক্ষমেলা

১০ দিনেই সাড়ে তিন কোটি টাকার চারা বিক্রি

১০ দিনেই সাড়ে তিন কোটি টাকার চারা বিক্রি

জমে উঠেছে রাজধানীর আগারগাঁওয়ে মাসব্যাপী চলা জাতীয় বৃক্ষমেলা। দর্শনার্থীদের পাশাপাশি বাড়ছে বেচাকেনাও। ফল, ফুল, বনজ ও দেশি-বিদেশি নানা জাতের চারা কিনতে প্রতিদিনই ভিড় করছেন ক্রেতারা। মেলা শুরুর মাত্র ১০ দিনেই সাড়ে তিন কোটির টাকার বেশি চারা বিক্রি হয়েছে। এ ধারা চলমান থাকলে গত বছরের বিক্রির রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা পোস্টকে এ তথ্য জানান বন অধিদপ্তরের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে আগারগাঁওয়ে গত ৯ জুলাই এ বৃক্ষমেলা শুরু হয়। ওই দিন থেকে ১৮ জুলাই পর্যন্ত বিভিন্ন নার্সারি ও স্টলের মাধ্যমে ৪ লাখ ৪৮ হাজার ৯৫১টি চারা বিক্রি হয়। এসব চারার বিক্রয়মূল্য দাঁড়ায় ৩ কোটি ৩৩ লাখ ৫২ হাজার ৯৯০ টাকা। 

আমিনুল ইসলাম বলেন, মেলা যত এগোবে, বিক্রিও তত বাড়বে বলে আমরা আশা করছি। তবে জাতীয় বৃক্ষমেলা শুধু চারা বিক্রির আয়োজন নয়, এটি বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার একটি উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নগর সবুজায়ন এবং মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তাই প্রতি বছরই নতুন নতুন জাতের গাছের পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করা হয়।

মেলায় আসা মিরপুরের বাসিন্দা শাহজালাল ভূঁইয়া বলেন, নিজস্ব ছাদ থাকায় আগে শখের বশে ফুলগাছ কেনা হতো। এখন ছাদবাগানের জন্য ফলগাছও কিনছি। এক্ষেত্রে এবারের মেলায় ছোট আকারের আম, পেয়ারা ও মাল্টার চারার প্রতি মানুষের আগ্রহ বেশি। আমারও এ ধরনের কিছু গাছের চারা কেনার পরিকল্পনা রয়েছে।

নার্সারি মালিকরা জানান, টানা বৃষ্টি থাকায় মেলার শুরুর দিকে তেমন বেচাকেনা ছিল না। কিন্তু এখন বৃষ্টি কমে যাওয়ায় সকাল-বিকেল ক্রেতাদের ভিড় বাড়ছে। বেশিরভাগ মানুষই ফল ও ফুল গাছের চারা কিনছেন। এর মধ্যে নানা জাতের আম, মাল্টাও তারা খুঁজছেন। মেলার শেষ সপ্তাহে বিক্রি আরও বাড়বে বলে আশাবাদী তারা।

সরেজমিনে দেখা যায়, জাতীয় বৃক্ষমেলায় সবুজের এক প্রাণবন্ত আবহ বিরাজ করছে। ফল, ফুল, বনজ গাছসহ দেশি-বিদেশি নানা জাতের চারায় সাজানো স্টলগুলো ঘুরে দেখছেন দর্শনার্থীরা। কেউ কেউ পছন্দের চারা কিনেও ফিরছেন। নারী-পুরুষ কিংবা শিশু থেকে বয়োজ্যেষ্ঠ; সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

বন বিভাগের তথ্য অনুযায়ী, গত বছরের জাতীয় বৃক্ষমেলায় মোট ১৭ লাখ ৬৬ হাজার ৬৯১টি চারা বিক্রি হয়েছিল। যার মূল্য ছিল ১৫ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ২৭৪ টাকা।

আগামী ৭ আগস্ট পর্যন্ত চলমান এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে। এবারের মেলায় ১২০টি স্টলে বনজ, ফলজ, ভেষজ ও শোভাবর্ধনকারী নানা জাতের চারা বিক্রি হচ্ছে। পাশাপাশি মা ও শিশু কর্নার, ব্রেস্টফিডিং সেন্টার, বয়স্কদের বিশ্রামকক্ষ, প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন সুবিধাও রেখেছে বন বিভাগ। 

এমআরআর/আরএফ/এমএসএ

বিজ্ঞাপন