গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই দণ্ডপ্রাপ্ত বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী বন্দির কারা প্রাচীর টপকে পালিয়ে যাওয়ার ঘটনা।
রোববার (১৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের ওই বন্দি পালিয়ে যান। রোববার র্যাব সদস্যরা মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
কারাগার সূত্র জানায়, চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দি গণনার সময় তার অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি প্রথম কারা কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় পরদিন শুক্রবার কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে কারা কর্তৃপক্ষ।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ঘটনার সময় ফ্লাডলাইট জ্বালিয়ে কারা স্টাফদের ফুটবল টুর্নামেন্ট চলছিল। সে সময় উঁচু টাওয়ারে দায়িত্বে থাকা কারারক্ষীদের একটি অংশ খেলা দেখায় মগ্ন থাকার সুযোগেই রিম্পা কারা প্রাচীর টপকে পালিয়ে যান।
এমএসি/এমএসএ
