রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযানে চারজনকে কারাদণ্ড এবং চারজনকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গ্রাহকদের হয়রানি বন্ধ ও বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বিআরটিএ জানায়, আটক ব্যক্তিরা আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আরও চারজনকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। তবে অভিযান চলাকালে প্রতারক চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যান।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. ইমরান হোসেন (২৩), মো. ইমরান আলী (২০), মো. রফিক (৪০) এবং মো. মিজানুর রহমান (৫১)।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, এসব দালাল ও প্রতারক বিআরটিএ কার্যালয়ে আসা গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতারণা করতেন। এসব অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিআরটিএ কার্যালয়ে দালাল ও প্রতারকচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
/এমএইচএন/এমএসএ
