বিজ্ঞাপন

রোমে জুলাই শহীদ দিবস পালন

রোমে জুলাই শহীদ দিবস পালন

ইতালির রোমে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইতালিয়ান নাগরিক, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

রোববার (১৯ জুলাই) রোমের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জুলাই গণ-আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’-এর তাৎপর্য নিয়ে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি আলোচনা সভা হয়। আলোচনা সভায় অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা জুলাই গণ-আন্দোলনের প্রেক্ষাপট এবং এ আন্দোলনকে সর্বজনীন রূপ দেওয়ার ক্ষেত্রে দেশের শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণের ভূমিকার কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত রকিবুল হক। জুলাই গণ-আন্দোলনে আত্মদানকারী শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ মুগ্ধসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি ও তাদের আত্মার মাগফিরাত এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শহীদ ও আহত জুলাইযোদ্ধাদের সম্মান-স্বীকৃতি, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতকল্পে অঙ্গীকারবদ্ধ।

রাষ্ট্রদূত জুলাইয়ের চেতনা ও আত্মত্যাগ থেকে শক্তি ও প্রেরণা নিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদের রুহের মাগফিরাত, আহতদের পূর্ণ সুস্থতা এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এনআই/আরএফ/জেডএস

বিজ্ঞাপন