পেশাগত দায়িত্ব পালনে বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
রোববার (১৯ জুলাই) রাজধানীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রশাসনিক ও অপারেশনাল কাজে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন ইউনিটের বাছাইকৃত ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন মহাপরিচালক।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও ভূমিধসে ফায়ার সার্ভিসের ভূমিকারও প্রশংসা করেন।
তিনি বলেন, সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জীবন ও সম্পদ রক্ষাই আমাদের প্রধান অগ্রাধিকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন নেত্রকোনা জেলার উপসহকারী পরিচালক জাকির হোসেন। তিনি ‘মহাপরিচালকের প্রশংসা’ পুরস্কার চালুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমে মহাপরিচালকের তদারকির প্রশংসা করেন।
অনুষ্ঠানে পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন এবং পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। এ সময় মাহমুদুল হাসান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি অংশ নেন। এছাড়া বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।
জেইউ/জেআই
