বিজ্ঞাপন

ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২৪ জন গ্রেপ্তার

ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২৪ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

রোববার (১৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রাবাড়ী থানা পুলিশ শনিবার (১৮ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে। 

একই দিনে উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা পুলিশ পৃথক অভিযানে মোট ৩৩ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ১৫ জন, তুরাগ থানা এলাকা থেকে ১১ জন এবং বংশাল থানা এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, হাজারীবাগ থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় পরিচালিত নিয়মিত অভিযানে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তেজগাঁও থানা থেকে ৮ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৯ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৬ জন, আদাবর থানা থেকে ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৫ জন এবং হাতিরঝিল থানা থেকে ১২ জনকে আটক করা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান এডিসি নিয়াজ মেহেদী।

জেইউ/জেআই