বিজ্ঞাপন

চট্টগ্রামে নিখোঁজ হওয়া জেলে ও বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিখোঁজ হওয়া জেলে ও বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৯ জুলাই) উপজেলার শিকলবাহা খাল থেকে নিখোঁজ এক বৃদ্ধের ভাসমান মরদেহ এবং আনোয়ারা উপকূল থেকে জোয়ারের স্রোতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ।

নিহতরা হলেন, কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা মো. কাসেম আলী (৬০) এবং কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা জেলে গফুর আলম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ফেইল্লা বাপের বাড়ির মৃত বাচা মিয়ার ছেলে মো. কাসেম আলী স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করতেন। কয়েক বছর আগে স্ত্রী চলে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। রোববার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বিকেলে উপজেলার শিকলবাহা খালের আলী হোসেন মার্কেট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের বড় ভাই মাহবুব আলী জানান, সকাল থেকে ভাইকে না পেয়ে আমরা খুঁজছিলাম। পরে খালে তার লাশ পাওয়া যায়। মানসিকভাবে অসুস্থ থাকায় অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহালে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আনোয়ারায় মাছ ধরে ফেরার পথে জোয়ারের পানির তীব্র স্রোতে নিখোঁজ হওয়া জেলে গফুর আলমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া সংলগ্ন ফুলতলী বিচ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা হাজী খুইল্লা মিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গফুর আলম বর্তমানে আনোয়ারার রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় বসবাস করে মাছ ধরার কাজ করতেন।

পুলিশ জানায়, দুপুরে মাছ ধরা শেষে ফেরার সময় জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যান গফুর। এরপর নৌকার মালিক ইয়াসিন ও সহকর্মীরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাতে ফুলতলী বেড়িবাঁধের পাশের এলাকায় লাশটি ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ওই জেলে নিখোঁজের পর দুপুরে জিডি হয়েছিল। নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, মরদেহটি থানা নিয়ে আসা হচ্ছে এবং ময়নাতদন্তের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেআই