জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনার শেষে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। ভারতে যারা পালিয়ে আছেন, তাদের ফেরাতে ভিন্ন ভিন্ন চিঠি দেওয়া হয়েছে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে।
এর আগে, কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়। এটি কি দ্বিতীয় দফায় চিঠি দেওয়া হলো-জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, আইনের মাধ্যমে ওনার বিচার হচ্ছে এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমাদের যে চিঠিটা দেওয়ার প্রয়োজন, সেটাই আমরা দিয়েছি। এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে, কূটনীতিতে যে নর্মস আছে, যে প্রটোকল আছে, সেই প্রটোকল অনুযায়ী এক্সট্রাডিশন ট্রিটি (প্রত্যর্পণ চুক্তি) অনুযায়ী আসাদুজ্জামান কামালকে (খানকে) দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে; ঠিক যেভাবে শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিচার হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে শেখ হাসিনাকে ফেরত আনতে একটা চিঠি দেওয়া হয়েছিল বিচার চলাকালে। তারপর তো আলাদা চিঠি যায়নি। কিন্তু আসাদুজ্জামান খানকে চেয়ে চিঠি কবে গেছে?
প্রতিমন্ত্রী বলেন, চিঠি সম্প্রতি গেছে এবং এটা শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই চিঠি দেওয়া হয়েছে। যখন যেটা প্রয়োজন, আমাদের আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যে উদ্যোগগুলো নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের ডিপ্লোমেসি অনুযায়ী আমরা সেই কাজগুলো করব।
তিনি বলেন, এটা তো একটা চলমান প্রক্রিয়া যে, যারা পলাতক আসামি, যাদের বিচার হয়ে গেছে, সাজা হয়ে গেছে—তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার হবে এবং জনগণ সেটা আশা করে।
তিনি আরও বলেন, আমরা তো চাই যে একটা সুষ্ঠু বিচার হোক এবং সেই প্রক্রিয়াটা সরকারের পক্ষ থেকে চলমান থাকবে। চিঠি দেওয়া হলো। ফিডব্যাক আসা, কী করব, কী না করব সেটা তো ভারত সরকারের ওপর ডিপেন্ড করে। আমাদের সরকারের পক্ষ থেকে চিঠি গেছে, আমরা অপেক্ষা করব।
শামা ওবায়েদ বলেন, অবশ্যই আমরা আশা করব যে, ভারত পজিটিভ রিপ্লাই দেবে এবং দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা দায়িত্ব, সেটা তারা পালন করবে।
ভারতে পালিয়ে থাকা অন্যদের ফিরিয়ে আনা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা সাধারণত ভিন্ন ভিন্ন চিঠি যায়। যারা আসামি, যারা পলাতক আছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য যেসব চিঠি দেওয়ার প্রয়োজন, আমরা চিঠি দিচ্ছি।
এনআই/জেডএস
