রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় ময়লার ডাস্টবিন নিয়ে দ্বন্দ্বের জেরে মো. তৌহিদ (২৮) নামে এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (১৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
গুলিবিদ্ধ তৌহিদ নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার কাকুরিয়া মাছিমা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে রাজধানীর ভাটারা থানা এলাকায় বসবাস করতেন।
হাসপাতালে তৌহিদের সহকর্মী কামরুল জানান, নতুনবাজার এলাকায় ময়লা ফেলার ডাস্টবিন নিয়ে স্থানীয় ‘হেলাল গ্রুপ’ এর সঙ্গে বিরোধ চলছিল বেশ কয়েকদিন ধরে। রাতে হঠাৎ ডাস্টবিনের সামনে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা অতর্কিত গুলি চালালে তৌহিদের পায়ে গুলি লাগে।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখান থেকে রাত ৯টা ১৫ মিনিটের দিকে চিকিৎসক তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতাল রেফার করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ভাটারার নতুনবাজার এলাকা থেকে তৌহিদ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তার পায়ে গুলি লেগেছিল, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছিল।
এসএএ/এসএএস
