রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবুল কাশেম (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। স্বজনদের সঙ্গে দেখা করে ঢাকা ফেরার পথে ফ্লাইওভারের ওপর দুর্ঘটনার শিকার হন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল পাঁচটার দিকে হানিফ ফ্লাইওভারের ধলপুর টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। পরে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল কাশেম রাজধানীর মিরপুরের কাফরুল থানার শেওড়াপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ফজলুল হক। তিনি রড-সিমেন্টের ব্যবসা করতেন।
নিহতের বড় ছেলে বাপ্পি জানান, তার বাবা সকালে শরীয়তপুরে নিজের মায়ের (বাপ্পির দাদি) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথেই হানিফ ফ্লাইওভারের ওপর মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন তিনি।
দুর্ঘটনাকবলিত আবুল কাশেমকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাদিয়া (বক্সিং খেলোয়াড়) জানান, বিকেল পাঁচটার দিকে তিনি স্কুটার চালিয়ে নিজের গ্রামের বাড়ি শরীয়তপুরের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ধলপুর টার্নিং পয়েন্টে ওই প্রবীণ ব্যক্তির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। পরে তিনিসহ যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সৌমিত্র সরকার দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সৌমিত্র সরকার জানান, ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে একটি অ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, মোটরসাইকেলটি কি কেবল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএএ/বিআরইউ
