বিজ্ঞাপন

কাতারের প্রয়াত আমিরের স্মরণে বাংলাদেশ দূতাবাসের স্মরণসভা

কাতারের প্রয়াত আমিরের স্মরণে বাংলাদেশ দূতাবাসের স্মরণসভা

কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন উপলক্ষ্যে দোহায় বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির যৌথ আয়োজনে সোমবার (২০ জুলাই) এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান স্মরণ সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইসতিয়াক আহমেদ প্রয়াত ফাদার আমিরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন এবং তার দূরদর্শী নেতৃত্ব ও আধুনিক কাতার বিনির্মাণে অনন্য অবদানের কথা স্মরণ করেন।  

প্রবাসী বাংলাদেশি গবেষক ও কাতারের আমির-ই-দিওয়ান এর ইতিহাসবিদ ড. হাবিবুর রহমান প্রয়াত আমিরের কর্মময় জীবন ও অবদান নিয়ে মুখ্য আলোচনা করেন এবং তার সঙ্গে নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করেন।

দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ মাশহুদুল কবীর এ উপলক্ষ্যে প্রেরিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পাঠ করেন। প্রয়াত আমিরের বিদেহী আত্মার চিরশান্তি, তার প্রতি সম্মান প্রদর্শন এবং শোকসন্তপ্ত রাজপরিবার ও কাতারের জনগণের ধৈর্যধারণ কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দূতাবাসের প্রথম সচিব সোয়াইব আহমাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন অনুবাদক মো. আতাউর রহমান।

রাষ্ট্রদূত তার বক্তব্যে এ শোকাবহ উপলক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে গৃহীত কার্যক্রম সম্পর্কে উপস্থিত সুধীজনকে বিস্তারিত অবহিত করেন। তিনি সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কাতার সফর এবং লুসাইল প্রাসাদে কাতারের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে তাদের সাক্ষাতের কথা তুলে ধরেন, যেখানে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করা হয়। 

রাষ্ট্রদূত আরও জানান যে, প্রয়াত আমিরের মৃত্যুর দিনই তিনি জানাজা নামাজে উপস্থিত ছিলেন। তিনি উল্লেখ করেন, দোহায় নিযুক্ত রাষ্ট্রদূতগণের সহধর্মিণীদের সঙ্গে রাষ্ট্রদূতের সহধর্মিণীও আমিরের মাতা শেখা মোজা বিনতে নাসেরের প্রাসাদে গিয়ে তার প্রতি আন্তরিক সমবেদনা ব্যক্ত করেন। 

রাষ্ট্রদূত স্মরণ করেন যে, প্রয়াত আমিরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকার গত ১৫ জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে।

এনআই/বিআরইউ