সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘আনসার সদস্যকে ঘুষ দিলেই মিলছে ভিআইপি সুবিধা’ শিরোনামের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো আশিকউজ্জামান এই তথ্য জানান।
তিনি বলেন, অভিযোগটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অনুসন্ধান ও তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আনসার সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টহল ডিউটিতে থাকা এপিসি মো. বাহারুল ইসলামের কাছে একজন রোগীর স্বজন পরীক্ষার ফি জমা দেওয়ার সহযোগিতা চান।
মানবিক বিবেচনায় তিনি রোগীর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে হাসপাতালের ক্যাশ কাউন্টারে পরীক্ষার ফি জমা দেন এবং রসিদ সংশ্লিষ্ট স্বজনের কাছে হস্তান্তর করেন। পরে রোগীর স্বজনের অনুরোধে তিনি সিরিয়াল কাউন্টারে দ্রুত সিরিয়ালের বিষয়ে কথা বলেন।
এ সময় রোগীর স্বজন স্বতঃপ্রণোদিত হয়ে তাকে ১০০ টাকা বকশিশ দিলে তিনি তা গ্রহণ করেন। দায়িত্ব পালনরত অবস্থায় এ ধরনের অর্থ গ্রহণ বাহিনীর নীতিমালা, পেশাগত আচরণবিধি ও শৃঙ্খলার পরিপন্থি বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
আনসার সদর দপ্তর জানায়, অভিযোগের সত্যতা পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিধি অনুযায়ী পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আনসারের এই কর্মকর্তা আরও বলেন, দুর্নীতি, উৎকোচ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার কিংবা জনগণের আস্থা ক্ষুণ্ন করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।
এ ছাড়া জনগণের অভিযোগ গ্রহণ ও দ্রুত প্রতিকার নিশ্চিত করতে শিগগিরই বাহিনীতে একটি সার্বক্ষণিক কল সেন্টার চালু করা হবে। দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় আনসার-সংশ্লিষ্ট অভিযোগ এ সেবার মাধ্যমে জানানো যাবে বলে জানিয়েছে বাহিনীটি।
প্রসঙ্গত, মঙ্গলবার ২১ জুলাই ঢাকা পোস্টে ‘আনসার সদস্যকে ঘুষ দিলেই মিলছে ভিআইপি সুবিধা’ শিরোনামে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের এপিসির বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়। তারই ধারাবাহিকতায় বিষয়টি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে বাহিনীটি।
এসএএ/এসএইচএ
