চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে আটটি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত এবং ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আফতাব উদ্দিনকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ জুলাই) থানার বনানী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, কোতোয়ালি ও সদরঘাট থানার আটটি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আফতাব উদ্দিন বায়েজিদ বোস্তামী এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আফতাব উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে দায়ের করা আটটি মামলার মধ্যে এনআই অ্যাক্টের ১৩৮ ধারার পাঁচটি মামলায় আদালত তাকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেন। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আফতাব উদ্দিনকে ফটিকছড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআর/জেডএস
