বিজ্ঞাপন

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা অটোরিক্সা চালক ইব্রাহিম জানান, প্রতিদিনের মতো কাজ শেষে আমার অটোরিক্সাটি গ্যারেজে রাখার জন্য যাচ্ছিলাম। এ সময় হাজারীবাগ পার্কের রাস্তার পাশে মন্দিরের গলিতে ওই যুবককে জখম নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তখন তার মাথার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরবর্তীতে স্থানীয় আরেকজনের সহযোগিতায় ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং আমাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। পরবর্তীতে আমি তাকে নিয়ে দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই। চিকিৎসকরা তখন ওই যুবককে ১০৩ নং ওয়ার্ডের ভর্তি দেন। সেখানে আজ ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই শাওন জানান, পুলিশ এবং স্থানীয়দের মাধ্যমে আমরা এ ঘটনার ব্যাপারে জানতে পারি। কে বা কারা আমার ভাইকে মেরে ফেলে গেছে এ ব্যাপারে আমরা কিছুই বলতে পারব না। আমার ভাই নির্দিষ্ট কোনো কাজ করত না, একেক সময় একেক কাজ করত। বেশ কিছুদিন যাবত সে একটি গাড়ির হেলপারি করছিল।

তিনি আরও জানান, আমরা ঢাকার হাজারীবাগের ভাগলপুর লেন ১৫ নং এর স্থায়ী বাসিন্দা। বাবার নাম শাহাদাত হোসেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/জেআই