বিজ্ঞাপন

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভা

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সহায়তায় কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের আন্তর্জাতিক শ্রমবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, এ সভার মূল উদ্দেশ্য ছিল এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনশক্তিকে 'ওভারসিজ এম্প্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)'-এ নিবন্ধিত করা, যাতে বিশ্বের বিভিন্ন দেশের নিয়োগকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী সহজ ও দ্রুততম উপায়ে এসব দক্ষ কর্মীদের খুঁজে বের করতে পারেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ থেকে ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে দক্ষ কর্মী প্রেরণের পথ সুগম হওয়ার পাশাপাশি নৈতিক, নিয়মিত ও নিরাপদ অভিবাসন সুনিশ্চিত হবে।

আইএলও কর্তৃক বাস্তবায়নাধীন ‘সাপোর্টিং এ ট্যালেন্ট পার্টনারশিপ উইথ বাংলাদেশ’ প্রকল্পটির সফল বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত জনবলের তথ্য ওইপি-তে অন্তর্ভুক্তির সার্বিক প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে মর্মে জানা যায়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই ওভারসিজ এম্প্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)-এর অধীন এই প্রকল্পের তথ্যাদি মাইক্রোসাইটের মাধ্যমে এই বিশেষ সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হবে। এটি চালু হলে বাংলাদেশি দক্ষ কর্মীদের বৈশ্বিক কর্মসংস্থানে প্রবেশের সুযোগ আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে।

এনআই/বিআরইউ