চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাটসংলগ্ন সমুদ্রে ডুবতে থাকা একটি বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাল্কহেডটির তলা ফেটে পানি প্রবেশ করলে চারজন ক্রুসহ সেটি ডুবে যেতে শুরু করে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।
তিনি জানান, বিসিজি স্টেশন সন্দ্বীপ, কুমিরা ঘাটের সার্ভিস বোট এবং গুপ্তছড়া ঘাটে অবস্থানরত বাল্কহেডের মালিকপক্ষের সদস্যদের সমন্বয়ে যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর কোস্টগার্ড সদস্যরা আহতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করেন। পরে তাদের নিরাপদে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্র উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও জরুরি উদ্ধার কার্যক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআর/এমএসএ
