রাজধানীর কামরাঙ্গীরচরের মাহাদি নগর রব টাওয়ার ১৮ নম্বর রোড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে দুই শ্রমিকের মারামারির ঘটনায় মো. সাকিব (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. মনছুর জানান, সাকিব পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। আজ সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচর মাহাদি নগর রব টাওয়ার ১৮ নম্বর রোড সংলগ্ন একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের তৃতীয় তলায় আমরা একসঙ্গে কাজ করছিলাম। এই সময় আমাদের সহকর্মী ইয়াসিন আরেক সহকর্মী জাহাঙ্গীরকে বলে ‘ওই বেটা, কাজ করস না কেন’ এতে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে ইয়াসিনের দিকে এগিয়ে এসে বলে ‘আমি কাজ না করলে তোর কী’ এরপর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক সময় সেটি মারামারিতে রূপ নেয়। সাকিব তাদেরকে বলে, মারামারি করো না, কাজ কর। এ সময় সাকিব তাদের মারামারি ঠেকাতে গেলে, তাদের মধ্যে চলা ঘুষি সাকিবের শরীরে লাগে এবং সাকিবকে সজোরে ধাক্কা দিলে সে বালুর স্তূপের মধ্যে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে পরবর্তীতে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত সাকিবের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদি সদর থানার ভাটির টেক এলাকায়। সে ওই এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলামের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর মাহাদি নগর নির্মাণাধীন ভবনেই থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/জেআই
