দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় সমন্বিত কৌশল প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বাংলাদেশে তিন বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ২৫ মিলিয়ন ইউরো।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষে মিশন প্রধান ড. লরা টম বনডে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
এই প্রকল্পের অধীনে মূলত জলবায়ুজনিত কারণে বাস্তুচুত হওয়া জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক গবেষণালব্ধ জ্ঞান বিনিময় এবং অনিবাসী বাংলাদেশিদের জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় সম্পৃক্ত করার কাজ পরিচালনা করা হবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনীয়তা অর্জন এবং জলবায়ু ঝুঁকি নিরসনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে সার্বিক কার্যক্রম পরিচালিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল, যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, সিনিয়র সহকারী সচিব ড. রাজিবুল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাহমিদা হক খান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আশফাকুর রহমান খান এবং ন্যাশনাল কনসালটেন্ট ড. এস এম মোর্শেদ উপস্থিত ছিলেন।
এসআর/জেআই
