রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২৪০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
অভিযানের সময় ৪৭৬টি যানবাহন ডাম্পিং এবং ২৯২টি যানবাহন রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (২২ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
বিভাগভিত্তিক মামলার মধ্যে ট্রাফিক ওয়ারীতে সর্বোচ্চ ৩৯১টি, মতিঝিলে ৩৬৫টি, মিরপুরে ৩৩৭টি, উত্তরায় ৩১৩টি, তেজগাঁওয়ে ২৮৭টি, গুলশানে ২৮১টি, লালবাগে ১৩৬টি এবং রমনায় ১৩০টি মামলা করা হয়েছে।
অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
জেইউ/বিআরইউ
