বিজ্ঞাপন

ডিটারজেন্ট-জেলি মিশিয়ে দুধ, পাবনার আকিফ আনাস ডেইরিকে জরিমানা

ডিটারজেন্ট-জেলি মিশিয়ে দুধ, পাবনার আকিফ আনাস ডেইরিকে জরিমানা

পাবনার ফরিদপুর উপজেলায় ডিটারজেন্ট ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশিয়ে বিষাক্ত দুধ প্রস্তুতের অপরাধে ‘আকিফ আনাস ডেইরি’ নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এ তথ্য জানিয়েছে।

বিএফএসএ জানায়, বুধবার (২২ জুলাই) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাবনায় আকিফ আনাস ডেইরিতে একটি বিশেষ মনিটরিং অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডেইরি কারখানাটি থেকে অস্বাস্থ্যকর জেলি, কাপড় ধোয়ার ডিটারজেন্ট এবং লেবেলবিহীন বিভিন্ন ধরনের অবৈধ রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। পরে কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে ডেইরিটির মালিক স্বীকার করেন যে, উদ্ধার করা জেলি ও কেমিক্যাল ব্যবহার করেই তারা বাজারে বিক্রির জন্য দুধ প্রস্তুত করছিলেন।

এমন গুরুতর অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ার পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় কারখানাটিতে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী অপরাধী প্রতিষ্ঠানটিকে নগদ তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি, ভবিষ্যতে তারা মানবদেহের জন্য ক্ষতিকর ও আইনবিরোধী কার্যক্রম পরিচালনা করবে না মর্মে প্রতিষ্ঠানের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাবনা ফরিদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন।

অভিযান ও অভিযান পরবর্তী বিচারিক কার্যক্রমে উপস্থিত ছিলেন পাবনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ এবং ফরিদপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সবুর।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজালবিরোধী এমন মনিটরিং, নমুনা সংগ্রহ ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

এসআই/এসএএস