চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ ১৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি লাইফবোটও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার দিবাগত রাতে কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন লাইফবোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ৫৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ২০ কেজি স্ক্র্যাপ, একটি ওয়্যার স্লিং ও দুটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় ১৬ জন চোরাকারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মালামাল, চোরাচালানে ব্যবহৃত লাইফবোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর/বিআরইউ
