বাংলাদেশ থেকে চীনে দক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাবনা, কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না সিভিল ইজ্ঞিনিয়ারিং কনস্ট্রাকশন কোপারেশনের (সিসিইসিসি) প্রতিনিধিদলের সঙ্গে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালকের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিএমইটি এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় জানানো হয়, সভায় বাংলাদেশের দক্ষ মানবসম্পদের সক্ষমতা, কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণ, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী জনশক্তি উন্নয়ন এবং ভবিষ্যতে চীনে দক্ষ কর্মী পাঠানোর সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিএমইটির মহাপরিচালক বাংলাদেশের দক্ষ, প্রশিক্ষিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনশক্তি গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং উভয় দেশের মধ্যে সহযোগিতার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সিসিইসিসির প্রতিনিধিরা বাংলাদেশের দক্ষ জনশক্তির সম্ভাবনার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।
এনআই/বিআরইউ
