বিজ্ঞাপন

শাহবাগ মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান, অবৈধ পার্কিংয়ে জরিমানা

শাহবাগ মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান, অবৈধ পার্কিংয়ে জরিমানা

রাজধানীর শাহবাগ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে অবৈধ মোটরসাইকেল পার্কিংয়ের দায়ে দুইটি মামলা করে জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া, একটি ভাসমান ফুডকার্ট জব্দ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে শাহবাগ মেট্রোরেল স্টেশনে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

ডিএমটিসিএল জানায়, অভিযানটি স্টেশনের গ্রাউন্ড লেভেলের বি-গেট থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সব গেট ও সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। এ সময় অবৈধ দখল, ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানের সময় বারডেম হাসপাতালের সামনে মেট্রোরেল স্টেশন-সংলগ্ন ফুটপাতে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করায় মালিকদের বিরুদ্ধে দুইটি মামলা করে জরিমানা আদায় করা হয়। এ ছাড়া, মেট্রোরেলের যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি ভাসমান ফুডকার্ট জব্দ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।

ডিএমটিসিএল জানায়, অভিযানের ফলে শাহবাগ মেট্রোরেল স্টেশন-সংলগ্ন এলাকা দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের পরিবেশ নিশ্চিত হয়েছে। এ অভিযানে এমআরটি পুলিশ, ডিএমপির রমনা থানা পুলিশ, বাংলাদেশ আনসার সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও মেট্রোরেল স্টেশন-সংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএইচএন/এসএএস