বাংলাদেশি পাসপোর্টের মানের কোনও অবনমন হয়নি বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভিসা সমস্যার সঙ্গে অবৈধ পথে বিদেশ যাওয়া সম্পর্কিত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিভিন্ন দেশের ভিসা বন্ধ থাকার কারণ জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসা বন্ধ থাকার বিভিন্ন কারণ আছে। এগুলো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে গত দুই তিন সপ্তাহের মধ্যে আমরা একাধিকবার মিটিং করেছি।
তিনি বলেন, ভিসাসংক্রান্ত ব্যাপারগুলো কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।
ভিসা বাতিলের কারণ হিসেবে প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় বাংলাদেশিরা বৈধপথে বিদেশে যেতে না পেরে অবৈধ উপায় অবলম্বন করেন। এক্ষেত্রে অনেকেই বিভিন্ন দালাল চক্রের খপ্পরে পড়েন, তাদের ডকুমেন্টসগুলো সব সময় অরিজিনাল থাকে না। এরকম উদাহরণ আছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে এসব সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে, যাতে ভিসা সমস্যা দ্রুত সমাধান করা যায়। ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যা আছে— আমরা এগুলোর সমাধানে কাজ করছি, এগুলো একদিন যাবে না।
এনআই/এসএএস
