বিজ্ঞাপন

চসিকের দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুরে বদলি

চসিকের দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুরে বদলি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর সিটি করপোরেশনে বদলিপূর্বক পদায়ন করেছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করেন যুগ্মসচিব মো. রবিউল ইসলাম।

এতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মাদ শাহীন-উল ইসলাম চৌধুরীকে ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) এবং নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) মিজ ফারজানা মুক্তাকে রংপুর সিটি করপোরেশনে (রসিক) বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। এ আদেশ পুনঃআদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মস্থল থেকেই তারা নিজ নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতাসহ পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি, অবসর-সংক্রান্ত সুবিধাসহ অন্যান্য প্রশাসনিক বিষয়ও নতুন কর্মস্থল থেকেই নিষ্পন্ন হবে।

এতে আরও বলা হয়, দুই কর্মকর্তাকে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৭ জুলাই থেকে তারা স্ট্যান্ড রিলিজপ্রাপ্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এমআর/আরএফ/বিআরইউ