হরিজন জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও স্থায়ী আবাসন নিশ্চিত, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে ৮০ শতাংশ কোটা সংরক্ষণ এবং দীর্ঘদিন কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ী করাসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।
শুক্রবার (২৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে আয়োজকরা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরও হরিজন জনগোষ্ঠীর বড় একটি অংশ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাসন ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে নানা বৈষম্য ও বঞ্চনার শিকার। অথচ দেশের পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও নাগরিক সেবায় তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারায় এ জনগোষ্ঠীর সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।
তারা আরও বলেন, দীর্ঘদিন কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা এবং আউটসোর্সিং ব্যবস্থার কারণে সৃষ্ট চাকরির অনিশ্চয়তা দূর করা জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
সংগঠনটির দাবিগুলো হচ্ছে— হরিজন জনগোষ্ঠীর জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও স্থায়ী আবাসন নিশ্চিত করা, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে জাত হরিজন জনগোষ্ঠীর জন্য ৮০ শতাংশ কোটা সংরক্ষণ, দীর্ঘদিন কর্মরত অস্থায়ী ও দৈনিকভিত্তিক কর্মীদের স্থায়ী করা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নেওয়া, কর্মক্ষেত্রে ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, সামাজিক বৈষম্য দূর করে সংবিধান প্রদত্ত সমঅধিকার বাস্তবায়ন এবং শিক্ষিত হরিজন জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে ১ শতাংশ কোটা সংরক্ষণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি লেবু বাসফোর, মহাসচিব বিমল ডোম, সংগঠনের সাবেক সভাপতি কৃষ্ণলাল, উপদেষ্টা বাইজু লাল সরদার, সিনিয়র সহ সভাপতি কৃষ্ণচরণ কুঞ্জমাল প্রমুখ।
এমএইচএন/এসএএস
