সাভারের মজিদপুর দিঘীরপাড় এলাকায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। মশার কয়েল জ্বালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে রাত ২টা ৫০ মিনিটের দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— কায়সার (২৮) ও তার স্ত্রী রুবি বেগম (২৪)।
দগ্ধ কায়সারের বাবা মো. সীমান শেখ জানান, সাভারের মজিদপুর দিঘীরপাড় এলাকায় নূর মোহাম্মদের ২য় তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন গার্মেন্টস কর্মী তার ছেলে কায়সার ও তার স্ত্রী রুবি বেগম। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তারা নিজ ঘরে মশার কয়েল জ্বালানোর সময় ঘরে জমে থাকা গ্যাসে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দ্রুত পুরো কক্ষে ছড়িয়ে পড়লে তারা দুজনই গুরুতর দগ্ধ হন। পরে খবর পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাদের উদ্ধার করে রাত ২টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার রিয়াজউদ্দিন মাতোপাড়া গ্রামে। বর্তমানে সাভারের মজিদপুর দিঘির পাড়ে মসজিদ বাড়ির নূর মোহাম্মদের ভবনের নিচ তলাতে ভাড়া থাকতো। কায়সার এবং তার স্ত্রী দুজনেই পেশায় গার্মেন্টস কর্মী।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত রাতে সাভার এলাকা থেকে এক দম্পতিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে কায়সারের শরীরের ১০০ শতাংশ এবং তার স্ত্রী রুবির শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধ দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়েছে।
এসএএ/এসএএস
