মোহাম্মদপুরে চলমান গ্যাস সংকটের সমাধান ও গ্যাস ছাড়া বিল না দেওয়ার দাবি জানিয়েছে মোহাম্মদপুর স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (২৪ জুলাই) মোহাম্মদপুর আল্লা করিম মসজিদের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা বি এম শাবাব বলেন, মোহাম্মদপুরের নানা সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো গ্যাস সংকট। এটা একদিনের সমস্যা নয়।
তিনি বলেন, মোহাম্মদপুর এমন এক জায়গা, যেখানে দূরদূরান্ত থেকে মানুষজন আসতে চায় না, ছিনতাইয়ের ভয়ে। আমরা আজ রাজপথে নেমেছি, আমাদের মা বোনেরা এখনো রাজপথে নামেনি। আমরা কোনো বিশৃঙ্খলা নয়, সমাধান চাই।
তিনি আরও বলেন, জুমার নামাজের পর আমাদের বাড়িতে রান্না হওয়ার কথা। অথচ ঘরে গ্যাস নেই, রান্নাবান্না করা যাচ্ছে না।
মানববন্ধনে মোহাম্মদপুরের গ্যাস সংকটের স্থায়ী সমাধান, নিরবচ্ছিন্ন সেবা না দিয়ে বিল নেওয়ার ভোগান্তি বন্ধ করা, তিতাস কর্তৃপক্ষের গাফিলতি বন্ধ, অবৈধ গ্যাস সংযোগ বন্ধের দাবি জানানো হয়।
ওএফএ/জেআই
