চট্টগ্রামের বাঁশখালীতে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, সাতটি ট্রলিং জাল ও ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ছয়জন জেলেকে আটক করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্ট গার্ড জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালীর শেখেরখীল ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে সাতটি ট্রলিং জাল ও ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। একই সঙ্গে ছয়জন জেলেকে আটক করা হয়।
পরে, সামুদ্রিক মৎস্য দপ্তরের আগ্রাবাদ কার্যালয়ের সামুদ্রিক উৎপাদন কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয় এবং জব্দ করা ট্রলিং জাল ধ্বংস করা হয়। একই সঙ্গে মালিকপক্ষের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ ট্রলিং প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ৩ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জেআই
