বিজ্ঞাপন

চট্টগ্রামে মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পালালেন স্বামী ‘প্লাস্টিক ফারুক’

চট্টগ্রামে মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পালালেন স্বামী ‘প্লাস্টিক ফারুক’

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ফিশারীঘাট এলাকার ভেড়া মার্কেটে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি মাসুমা পারভীন সীমা ওরফে শিমুকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বসতঘর থেকে ৪০ পিস ইয়াবা, ৫০ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির সন্দেহে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় তার স্বামী ও কথিত মাদক কারবারি ওমর ফারুক ওরফে ‘প্লাস্টিক ফারুক’ পালিয়ে যান।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত প্রায় ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে নতুন ফিশারীঘাটের ভেড়া মার্কেট এলাকায় সীমাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় সীমা পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের বালিশের নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে ৪০ পিস ইয়াবা, ৫০ পুড়িয়া গাঁজা এবং নগদ ২ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া টাকাগুলো মাদক বিক্রির লেনদেনের অর্থ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমা পুলিশকে জানিয়েছেন, কক্সবাজারের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি বাকলিয়া এলাকায় বিক্রির জন্য সংরক্ষণ করতেন। পরে স্থানীয় বিভিন্ন ক্রেতার কাছে সেগুলো বিক্রি করা হতো।

পুলিশের তথ্য অনুযায়ী, সীমার বিরুদ্ধে মাদক ও মানবপাচারসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। অতীতেও তিনি একাধিকবার গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পান। তবে জামিনে বের হওয়ার পর আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমা ও তার স্বামী ‘প্লাস্টিক ফারুক’ দীর্ঘদিন ধরে নতুন ফিশারীঘাট এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে হামলা, ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হতো। এছাড়া সরকারি খাসজমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, গ্রেপ্তার সীমার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অতীতেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন বলে তদন্তে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সীমার বিরুদ্ধে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক ওমর ফারুক ওরফে ‘প্লাস্টিক ফারুক’কে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেআই