বিজ্ঞাপন

মিয়ানমারে পাচারের পথে সিমেন্ট-সার জব্দ, আটক ১০

মিয়ানমারে পাচারের পথে সিমেন্ট-সার জব্দ, আটক ১০

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ এবং ১০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোট ও একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪০ বস্তা সিমেন্ট ও ৩৮০ বস্তা সার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা মালামাল, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

এমআর/জেআই