বিজ্ঞাপন

অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

চট্টগ্রামের লোহাগাড়ায় অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরের নতুন সাউন্ড হেলথ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর রাত ১১টার দিকে তিনি মারা যান।

নিহত আলমগীর লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ তজু মুন্সির গ্যারেজ এলাকার বাসিন্দা। তিনি সাউন্ড হেলথ হাসপাতালের সামনে একটি হোটেল পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শী আবদুল্লাহ আল নোমান জানান, আলমগীরের স্ত্রী নতুন সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্ত্রীকে দেখতে মহাসড়ক পার হচ্ছিলেন আলমগীর। এ সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার শরীরের ওপর দিয়ে চলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নতুন সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

নতুন সাউন্ড হেলথ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রলয় চৌধুরী বলেন, আলমগীরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভাগ্নে মোহাম্মদ রিদুয়ান বলেন, চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, আহত ব্যক্তি চমেক হাসপাতালে মারা গেছেন। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএমএন/এসএএস