দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা ও পাহাড়ধস পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও চট্টগ্রামের ১৫টি উপজেলা এখনো বন্যাকবলিত রয়েছে। তবে হবিগঞ্জ, রাঙামাটি, বান্দরবান, রামগড় ও লামাসহ বেশ কয়েকটি এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৫ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের জেলা ও উপজেলা তথ্য অফিসগুলোর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় মাইকিংসহ জনসচেতনতামূলক কার্যক্রম চলছে। ক্ষতিগ্রস্ত বসতবাড়ি এড়িয়ে চলা, বৈদ্যুতিক ঝুঁকি, সাপে কাটা প্রতিরোধ এবং ত্রাণ গ্রহণে আর্থিক লেনদেন না করার বিষয়ে মানুষকে সতর্ক করা হচ্ছে।
এদিকে হবিগঞ্জ, খাগড়াছড়ি, কক্সবাজার, মৌলভীবাজার, রাঙামাটি ও বান্দরবানে বন্যার পানি অনেকটাই নেমে গেছে। কক্সবাজারে নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় কোনো পাহাড়ধসের ঘটনা ঘটেনি। মৌলভীবাজারে বন্যায় কৃষিজমি, পুকুর ও গ্রামীণ সড়কের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
সরকারের বিভিন্ন সংস্থা বন্যা ও পাহাড়ধস-পরবর্তী সময়ে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে।
এসএইচআর/জেডএস
