বিজ্ঞাপন

মতিঝিলে শক্তিশালী বোমার পাশ দিয়ে গেছে রথযাত্রা, ঘিরে রেখেছিল পুলিশ

মতিঝিলে শক্তিশালী বোমার পাশ দিয়ে গেছে রথযাত্রা, ঘিরে রেখেছিল পুলিশ

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে উদ্ধার করা যে শক্তিশালী বোমাটি (আইইডি) পুলিশ নিষ্ক্রিয় করেছে, সেটি পাতা হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রার পথে। রথযাত্রার শোভাযাত্রাটি যখন সেই বোমা পাতা পথ অতিক্রম করছিল তখন পুলিশ সেটি ঘিরে রেখেছিল। আর শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষদের উদ্দেশ্যে পুলিশ জানিয়েছিল, সেখানে শর্ট সার্কিট হয়েছে। এই ঘটনায় দায়ের করা মামলায় এমন তথ্য উঠে এসেছে। 

এদিকে এই ঘটনায় মতিঝিল থানার এসআই মো. মুক্তা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন। 

শনিবার (২৫ জুলাই) মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার মামলার তথ্যটি নিশ্চিত করেছেন। 

উল্টো রথযাত্রাকে টার্গেট করে সেখানে বোমাটি পাতা হয়েছিল বলে তারা ধারণা করছে পুলিশ। সেটি আগেই শনাক্ত করতে পারায় বড় বিপর্যয় এড়ানো গেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, মামলার বাদী উল্টো রথযাত্রার নিরাপত্তায় হোন্ডা মোবাইল কল সাইনে ডিউটিতে নিয়োজিত ছিলেন। উল্টোরথ যাত্রার শোভাযাত্রাটির রুট ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রম পর্যন্ত। সন্ধ্যার দিকে ট্রাফিক বিভাগ থেকে ডিএমপি কন্ট্রোল রুমে সেখানে একটি বোমা সদৃশ বস্তু পাওয়ার কথা জানানো হয়।

একটি ছাতার মধ্যে রাখা ওই বোমায় মিটমিট করে আলো জ্বলার কথা বলা হয়। এরপর খবর পেয়ে ঊর্ধ্বতনদের নির্দেশে এসআই মুক্তা ও তার সহকর্মীরা ৬টা বিশ মিনিটে মতিঝিল মেট্রো স্টেশনের জেনারেটর রুমের পাশে উপস্থিত ছাতা বোমা পাওয়ার জায়গাটি ঘিরে রাখেন। সেখানে রথ যাত্রার মিছিল উপস্থিত হলে পুলিশ সদস্যরা তাদেরকে শর্ট সার্কিট হয়েছে বলে জায়গাটি পাশ কাটিয়ে যাওয়ার অনুরোধ করে। 

এরপর মিছিলটি শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রমের দিকে চলে যায়। শোভাযাত্রা চলে যাওয়ার পর ডিএনপির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা এসে সেটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে বলে মামলায় বলা হয়েছে। 

এছাড়া ঘটনাস্থল থেকে বোমার আলামত হিসেবে, জিআই পাইপের খন্ডিত অংশ, ব্যাটারি, বিয়ারিং এর বল পাওয়ার কথা মামলায় উল্লেখ করেছে পুলিশ।

পুলিশের কর্মকর্তারা বলছেন, উল্টো রথযাত্রাকে টার্গেট করে ওই বোমাটি পাতা হয়েছিল। 

মামলায় বলা হয়েছে, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পূর্ব পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনগণের জীবন বিপন্ন করার লক্ষ্যে বোমাটি সেখানে পাতা হয়েছিল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম রথ শোভাযাত্রাকে কেন্দ্র করে বোমাটি রাখা হয়েছিল বলে সন্দেহ প্রকাশ করে বলেন, এ কারণে বোমাটি পাতা হয়ে থাকতে পারে। তবে তদন্ত চলছে। জড়িতদের ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসি/এমএসএ

বিজ্ঞাপন