খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শনিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উদ্বোধন উপলক্ষ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে এপিবিএন ২-১ গোলে ডিএমপিকে পরাজিত করে।
আইজিপি বলেন, বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। এ লক্ষ্যেই পুলিশ সদস্যদের মধ্য থেকে বাছাই করে একটি ফুটবল দল গঠন করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, পুলিশ সদস্যদের ফুটবল খেলা যুবসমাজকে অনুপ্রাণিত করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সচেতন জাতি গড়ে উঠবে।
আলী হোসেন ফকির বলেন, পুলিশের দায়িত্ব অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও কর্মক্ষম, আত্মবিশ্বাসী ও সক্ষম করে তোলে। ফুটবল শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দলগত সমন্বয়ের শিক্ষা দেয়, যা পুলিশিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ক্রীড়া চর্চার গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। পুলিশের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন।
আইজিপি আরও বলেন, নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ড শুধু একটি ক্রীড়া অবকাঠামো নয়, এটি পুলিশ ফুটবল দলের অন্যতম অনুশীলন কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখান থেকে ভবিষ্যতে দক্ষ ও মেধাবী খেলোয়াড় তৈরি হবে, যারা বাংলাদেশ পুলিশের পাশাপাশি দেশের সুনামও বৃদ্ধি করবে।
প্রীতি ম্যাচে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়দের শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান আইজিপি।
এপিবিএনের অতিরিক্ত আইজি হাসিব আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধিসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডের চারদিকে ২০ ফুট সার্ভিস এরিয়াসহ এর মোট আয়তন প্রায় এক লাখ বর্গফুট।
জেইউ/জেডএস
