চট্টগ্রাম নগরে মাদক মামলার এক আসামিকে ধরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মবিনুল ইসলাম।
শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে খুলশী থানার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, মাদক মামলার আসামি ও একাধিক মামলার অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। একজনের অবস্থা গুরুতর। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থলে ওসিসহ একাধিক টিম কাজ করছে।
আহত এসআই মবিনুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, এসআই মবিনুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
পুলিশের পক্ষ থেকে আহত অপর সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এছাড়া অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আরএমএন/এমএন
