বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের (বিএমএসএফ) দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এ মজিবুর রহমান ভূঞাকে সভাপতি এবং শহীদুল্লাহ বাদলকে সাধারণ সম্পাদক করে পরবর্তী মেয়াদের জন্য ৩৫ সদস্যের কমিটি নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর আইডিইবি মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়।
সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার বলেন, গণতন্ত্র চর্চা অব্যাহত থাকলে শ্রমিকের দাবি পূরণ, কল্যাণ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সহজ হয়। বর্তমান ত্রিপক্ষীয় কমিটির পুনর্গঠন শ্রমিকের অধিকার আদায়ে আরও কার্যকর ভূমিকা পালন করছে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার জাতীয় সামাজিক সংলাপের একটি স্থায়ী কাঠামো গঠনের বিষয়টি বিবেচনা করছে, যা ত্রিপক্ষীয় কমিটির কাজে নাগরিক সমাজের সুপারিশ ও গবেষণালব্ধ তথ্য তুলে ধরে সহায়তা করতে পারবে।
শ্রম সংস্কার কমিশনের সাবেক প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, শ্রম অধিকারের বিষয়ে যে সমস্ত আলোচনা ও সুপারিশ প্রতিনিয়ত যুক্ত হচ্ছে তা সরকারের কাছে নিয়মিত তুলে ধরতে জাতীয় সামাজিক সংলাপ ফোরাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ বিষয়ে সরকারের ইতিবাচক ভূমিকা বিষয়টিকে ত্বরান্বিত করবে।
বিএমএসএফ-এর নব নির্বাচিত সভাপতি মো. মজিবুর রহমান ভূঞা বলেন, দীর্ঘ ৫৭ বছর ধরে সংগঠনটি শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমান কমিটি এই ধারাবাহিকতাকে আরও সাফল্যের সঙ্গে সামনে এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এএসএস/আরএফ
