বিজ্ঞাপন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে

সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও আগামী তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (২৬ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, পর্যবেক্ষণাধীন স্টেশনগুলোর মধ্যে বর্তমানে শুধু কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি কমেছে এবং আগামী তিন দিনও এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে সিলেট জেলার কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি কমেছে। আগামী তিন দিন পানি আরও কমতে পারে, এরপর দুই দিন স্থিতিশীল থাকতে পারে। তবে গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।

এমএইচএন/জেডএস

বিজ্ঞাপন