বিজ্ঞাপন

শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় রাইড শেয়ারিং বাইকার নিহত

শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় রাইড শেয়ারিং বাইকার নিহত

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া রোড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সবুজ রহমান (৩৩) নামের এক যুবকের মৃত হয়েছে। নিহত পেশায় মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন।

শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত সবুজের চাচাতো ভাই আজিজুল ইসলাম জানান, আমার ভাই সবুজ মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন। রাতে মোটরসাইকেলে একটি ভাড়া নিয়ে মগবাজার যাওয়ার পথে হিমাচল নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সবুজ গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, নিহত সবুজের গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার নটাবাড়ি এলাকায়। সে ওই এলাকার মশিউর রহমানের ছেলে। বর্তমান শ্যামলী এলাকায় থাকতেন। সে দুই সন্তানের জনক ছিলেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/জেআই