সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও দেশের অধিকাংশ নদ-নদীর পানি কমছে। আগামী তিন দিনে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত পূর্বাভাস প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হলেও ভারতের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। আগামী দুই দিন সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।
এতে বলা হয়, সুরমা-কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা নদী ছাতক, কানাইঘাট ও ডেরাই এবং কুশিয়ারার অমলশিদ স্টেশন সতর্ক সীমায় রয়েছে। আগামী তিন দিনে সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় নদ-নদীর পানি কমেছে। যমুনা নদী গাইবান্ধার সাঘাটা, বগুড়ার সারিয়াকান্দি ও জামালপুরের জগন্নাথগঞ্জ স্টেশনে সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু এলাকায় নদী সতর্ক সীমায় থাকতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
গঙ্গা-পদ্মা অববাহিকার সব নদী এখনো বিপৎসীমার নিচে রয়েছে। আগামী তিন দিন পানি কিছুটা বাড়লেও বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই বলে জানিয়েছে এফএফডব্লিউসি।
উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে। তিস্তা নদী নীলফামারীর ডালিয়া স্টেশনে সতর্কসীমায় রয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলে আত্রাই নদী নওগাঁর আত্রাই ও নাটোরের সিংরা স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।
মধ্যাঞ্চলে সোমেশ্বরী নদী নেত্রকোনার কমলাকান্দা স্টেশনে সতর্কসীমায় থাকলেও আগামী তিন দিন পানি কমতে পারে। অন্যদিকে ঢাকার তুরাগ, বালু, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও টঙ্গীখালের পানি স্থিতিশীল রয়েছে এবং সবগুলোই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরি, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমেছে এবং আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। একইভাবে সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই ও খোয়াই নদীর অবস্থাও স্বাভাবিক রয়েছে।
এদিকে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে আগামী দুই দিন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি জোয়ার থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এমএইচএন/জেডএস
