বিজ্ঞাপন

সিইআইজেডের উদ্বোধন অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

সিইআইজেডের উদ্বোধন অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

বিক্ষোভ চলাকালে বক্তারা অভিযোগ করেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক থেকে জোরপূর্বক সাড়ে পাঁচ হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। কোনো ধরনের নিয়মনীতি বা নোটিশ ছাড়াই তাদের অন্যায়ভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে একটি গোষ্ঠী ব্যাংকটিতে অবৈধভাবে দখল নিয়ে নিজেদের পছন্দের লোকজনকে নিয়োগ ও পদোন্নতি দিয়েছে।

বিক্ষোভকারীরা ব্যাংকটির বর্তমান বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠন করার এবং সসম্মানে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

ভুক্তভোগী চাকরিচ্যুত কর্মীরা বলেন, তারা দীর্ঘ সময় ধরে চরম কর্মহীন ও অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা চট্টগ্রামে একটি বড় অর্থনৈতিক ও কর্মসংস্থানের উদ্যোগ উদ্বোধন করতে এলে নিজেদের ন্যায্য দাবি সরকারের শীর্ষ মহলের দৃষ্টিগোচর করতেই তারা এ কর্মসূচি বেছে নেন। বিক্ষোভকারীদের পক্ষে নেতৃত্ব দেন মো. এমদাদ হোসেন নামের এক ব্যক্তিসহ অন্যান্যরা।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা বলেন, ভিআইপি সফর ও জননিরাপত্তা রক্ষা করতে পুলিশ বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমআর/আরএফ