চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় পুলিশ ক্যাম্পের খাওয়ার পানিতে ‘বিষ মেশানোর’ অভিযোগের ঘটনায় ৪৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি করে। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রোববার (২৬ জুলাই) সকালে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় পুলিশ ক্যাম্পের খাওয়ার পানিতে বিষ মেশানোর অভিযোগ ওঠে। ওই পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সন্দেহজনক পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আইনশৃঙ্খলা বাহিনীকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র এ নাশকতামূলক ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এমআর/জেডএস
