বিজ্ঞাপন

হালদা নদীতে অভিযান, জাল ও বরশি জব্দ

হালদা নদীতে অভিযান, জাল ও বরশি জব্দ

প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তর।

সোমবার (২৭ জুলাই) নদীর বিভিন্ন স্থান থেকে সাতটি অবৈধ চরগেরা জাল, দুইটি ভাসা জাল এবং তিনটি বরশি জব্দ করা হয়।

হাটহাজারী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এসআই হাবিবুর রহমান, এএসআই রমজান আলী ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

রামদাস মুন্সীরহাট থেকে নাংলমোড়া পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল ও বরশি জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৩০০ মিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

মৎস্য অধিদপ্তর জানায়, মা মাছের নিরাপদ প্রজনন পরিবেশ নিশ্চিত করা, হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধভাবে মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এমআর/জেআই