বাংলাদেশে অধ্যয়নরত এক বিদেশি নারী শিক্ষার্থীর হারিয়ে যাওয়া দামি স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
সোমবার (২৭ জুলাই) প্রযুক্তিনির্ভর তদন্ত ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে সিআইডি সদর দপ্তর ঢাকায় আনুষ্ঠানিকভাবে তা শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়।
সিআইডি'র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব জানান, ঢাকা গ্রীন রোডস্থ গ্রীন লাইফ মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী আসমা গত ৮ জুলাই দুপুরে কলাবাগান থানাধীন গ্রীন রোড এলাকায় একটি কাজে বের হন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন, তার ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই মডেলের স্মার্টফোনটি কোথাও হারিয়ে গেছে। ফোনটিতে একটি বাংলাদেশি ও একটি ভারতীয় সিম কার্ড ব্যবহৃত হচ্ছিল। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম হারিয়ে যাওয়ায় তিনি দুশ্চিন্তায় পড়ে যান।
পরে সহপাঠীর সহায়তায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বিষয়টি দ্রুত সমাধানের আশায় শিক্ষার্থীটির শিক্ষক শারমিন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর সিপিসির বিশেষজ্ঞ টিম প্রযুক্তিগত অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করা হয় এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে বাগেরহাট জেলা থেকে সেটি উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিআইডি সদর দপ্তর ঢাকার সাইবার পুলিশ সেন্টার ইউনিটের কার্যালয়ে বিদেশি শিক্ষার্থী আসমার নিকট উদ্ধারকৃত মোবাইল ফোনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পেয়ে আবেগাপ্লুত আসমা বাংলাদেশ পুলিশ, বিশেষ করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিআইডি'র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানান, সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) সর্বদা নাগরিকদের পাশাপাশি বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের সাইবার নিরাপত্তা ও সার্বিক সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ। সাইবার অপরাধের শিকার হলে বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার সংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে, দ্রুত সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন। Facebook: https://www.facebook.com/cpccidbdpolice । হেল্পলাইন: +8801320010146 | +8801320010147 | +8801320010148
জেইউ/জেআই
