চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরজাহান বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
সোমবার (২৭ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত ডেঙ্গু বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা নুরজাহান বেগমকে গত ২৬ জুলাই মুমূর্ষু অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, ডেঙ্গুর পাশাপাশি উচ্চ রক্তচাপজনিত (এইচটিএন) জটিলতার কারণে তার শরীরে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম (এমওডিএস) দেখা দেয়, যা মৃত্যুর কারণ হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন ভর্তি আছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট ৭৫৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪৩৯ জন পুরুষ, ১৯১ জন নারী এবং ১২৫ জন শিশু। শুধু জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ৪৫৭ জন, যা চলতি বছরের সর্বোচ্চ মাসিক সংক্রমণ।
ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।
এমআর/এসএএস
