দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এদিন থেকে নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপে এর কার্যকারিতা প্রদর্শন করতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকাশ করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক হবে।
এতে আরও বলা হয়, জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ (স্পেসিফিকেশন) বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। ১ আগস্ট থেকে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়ার সময় জিপিএস সংযোজনের প্রমাণক বা কাগজপত্র সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জমা দিতে হবে এবং মোবাইল অ্যাপে ডিভাইসটির কার্যকারিতা দেখাতে হবে।
বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত রয়েছে—এটি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন দেওয়া ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সব পরিবহন মালিক ও প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিআরটিএ।
এমএইচএন/এসএম
